নাঈম কাসেম

ইসরাইলের বিরুদ্ধে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ পিএম

লেবাননের শিয়া সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না। প্রয়োজনে কারবালার মতো যুদ্ধেও নামতে প্রস্তুত তারা।

আরবাইনের সমাবেশে কাসেম বলেন, ইমাম হুসাইন (আ.)-এর পথেই আমরা মুক্তির সংগ্রাম চালিয়ে যাচ্ছি। প্রতিটি ক্রান্তিকালে মানুষকে বেছে নিতে হয়-হুসাইনের পক্ষে নাকি ইয়াজিদের পক্ষে থাকবে। শেখ রাগেব হারব, সাইয়্যেদ আব্বাস আল-মুসাভি থেকে শুরু করে হাসান নাসরুল্লাহ সবাই ইমাম খোমেনী ও খামেনীর পথেই হেঁটেছেন। আমরা ফিলিস্তিনের পক্ষে, আর ইসরাইল-মার্কিন জালিমদের বিরুদ্ধে। আজকের এই লড়াই কারবালারই ধারাবাহিকতা।

২০০৬ সালের যুদ্ধের প্রসঙ্গ টেনে কাসেম বলেন, ওই বিজয় ছিল ঐশী মদদে পাওয়া একটি আশীর্বাদ। সংখ্যায় আমরা কম ছিলাম, কিন্তু আল্লাহর সাহায্যে শত্রুকে পর্যুদস্ত করেছিলাম। ১৭ বছর ধরে সেই বিজয় ইসরাইলকে ভীত রেখেছে। তিনি দাবি করেন, ইরানের সমর্থন হিজবুল্লাহর পাশে থাকবে, আর প্রতিরোধের পতাকা উড্ডীন থাকবে।

লেবাননের রাজনীতিকে লক্ষ্য করে কাসেম বলেন, হিজবুল্লাহ ছাড়া এই দেশের সার্বভৌমত্ব অসম্পূর্ণ। যারা ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়েনি, তাদের জবাবদিহি করতে হবে। সরকার যদি ইসরাইল-মার্কিন প্ররোচনায় হিজবুল্লাহর বিরুদ্ধে যায়, তা হবে দেশকে সংকটে ঠেলে দেওয়া।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইলের আগ্রাসন চললে আমরা অস্ত্র রাখব না। হয় লেবানন ঐক্যবদ্ধ থাকবে, নয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে-যার দায় সরকারকেই নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত