নড়াইলে গোলাম পরওয়ার

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার ছড়াছড়ি থাকবে না

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৬:২৪ পিএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে কে অনঢ় থাকল বা থাকল না সেটি কোনও বিষয় না। আমরা আমাদের ন্যায্য দাবি তুলে ধরেছি। এই নির্বাচনে আমাদের দাবি মানতে হবে। মানবেন কি মানবেন না এ চর্চা থাকতে হবে। কেয়ারটেকারও এক সময় আমাদের দাবি ছিল। কেয়ারটেকার সরকার ফ্যাসিস্ট সরকার বাতিল করেছিল। আমরা আদালতের মাধ্যমে সেটিকে পুনরুদ্ধার করেছি।

তিনি আরও বলেন, এখনকার বাস্তবতায় আমরা আগামী সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি দাবি করেছি। পৃথিবীর ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। পিআর পদ্ধতিতে নির্বাচনে হলে ভোটের অংশ হিসেবে দল থেকে মেধাবীরা সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। তাছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার ছড়াছড়ি থাকবে না।

আজ শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি জামায়াতে ইসলামী নতুন করে চায়ছে না। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সবদলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

নড়াইল জেলা জামায়াতে ইসলামের আয়োজনে লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, যশোর-কুষ্টিয়া অঞ্চল টীম সদস্য মির্জা আশেক এলাহী, জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে। প্রশিক্ষণে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত