পঞ্চগড়ের চাঞ্চল্যকর ছাত্রদল কর্মী ও এইচএসসি পরীক্ষার্থী জাবেদ উমর জয় হত্যাকাণ্ডের প্রধান আসামি আলামিন (২১) ও তার বড় ভাই আকাশকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) রাতে চট্টগ্রামে বোনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (১৭ আগস্ট) রাতে তাদের পঞ্চগড় আদালতে তোলা হলে প্রধান আসামি আলামিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
গ্রেপ্তার আলামিন ও আকাশ জেলা শহরের নতুনবস্তী এলাকার খলিলুর রহমানের ছেলে। গত ৬ আগস্ট রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেটে পূর্ব শত্রুতার জেরে আলামিন ও তার সহযোগীরা ছাত্রদলকর্মী জাবেদ উমর জয়কে আটক করে মারপিট করে। এক পর্যায়ে আলামিনের ছুরিকাঘাতে জয়ের ভুড়ি বের হয়ে যায়। গুরুতর আহত জয়কে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জয় জেলা শহরের পুরাতন ক্যাম্পের জহিরুল হকের ছেলে। এ ঘটনায় ৮ আগস্ট জয়ের বড় ভাই আশরাফ আলী আলামিনকে প্রধান করে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, এর আগে এজাহারভুক্ত আসামি ঝুনুসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। শহরের মধ্যে প্রকাশ্যে এই হত্যার ঘটনার পর থেকে স্থানীয়রা ক্ষোভে ফুসে উঠেছিল। তাদের দাবি ছিল প্রধান আসামিসহ এজাহারভুক্তদের দ্রুত গ্রেপ্তার। অবশেষে আমাদের পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করে।
অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।
