স্থানীয় লিগেও সুযোগ হচ্ছে না 'যৌন নিপীড়ক' দয়ালের

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২:১৮ পিএম

আইপিএল শিরোপাজয়ী ভারতের পেসার যশ দয়ালের ক্রিকেট ক্যারিয়ার এখন হুমকির মুখে। একাধিক যৌন নির্যাতনের অভিযোগ ওঠাে পর তার এখন স্থানীয় ক্রিকেট লিগেও সুযোগ হচ্ছে না। সর্বশেষ তাকে ইউপি টি-টোয়েন্টি লিগ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাসিত করেছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। 

ভারতের উত্তরপ্রদেশে নিয়মিতই টি-টোয়েন্টি লিগ হয়। এ উপলক্ষে দয়ালকে ৭ লাখ রুপিতে দলে নিয়েছিল গোরক্ষপুর লায়ন্স। তবে মামলার কারণে তার খেলা আগেই সংশয়ের মুখে পড়েছিল। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, মামলা এখনও চলমান থাকায় দয়ালকে খেলানো সম্ভব নয়। 

গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন যশ দয়াল। দলের প্রথম শিরোপা জয়ে ১৩ উইকেট নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু ব্যক্তিগত জীবনের অপকর্ম তার ক্রিকেট ক্যারিয়ারকে এখন বিপদের মুখে ঠেলে দিয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসে গাজিয়াবাদে এক তরুণী দয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করেন। তার দাবি, পাঁচ বছর ধরে সম্পর্কে থাকার সময়ে দয়াল মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন, অর্থও নিয়েছেন। এর পাশাপাশি ওই তরুণীর অভিযোগ, দুই বছর আগে যখন তিনি নাবালিকা ছিলেন, তখন জয়পুরে হোটেলে ডেকে তাকে ধর্ষণ করেছিলেন দয়াল। পরবর্তী সময়ে আরও কয়েকবার জোর করে যৌন সম্পর্ক স্থাপন করেন তিনি। এই অভিযোগে জয়পুরের সাঙ্গান থানায় মামলা হয়েছে এবং যশের বিরুদ্ধে পকসো আইনেও মামলা চলছে।

অন্যদিকে, যশ নিজেও তরুণীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন। তবে মামলার রায় না আসা পর্যন্ত তার ক্রিকেট ক্যারিয়ার কার্যত থমকে গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত