ঢাকার বনানীতে চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত (ডা. নিতাই) হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রবিবার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। আদালতের প্রসিকিউটর মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-কামরুল হাসান অরুন, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া ও সাইদ মিজি। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত-আবুল কালাম, সাইদুল, ফয়সাল ও মাসুম (ওরফে পেদা মাসুম)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত-রফিকুল ইসলাম।
আদালতে কারাগার থেকে ১০ আসামিকে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে আবার কারাগারে পাঠানো হয়।
২০১২ সালের ২৩ আগস্ট মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন নিজ বাসায় ডা. নিতাইকে খুন করা হয়। ওই দিনই তার বাবা তড়িৎ কান্তি দত্ত বনানী থানায় মামলা দায়ের করেন। তদন্তে উঠে আসে, চুরির উদ্দেশ্যে আসামিরা ডা. নিতাইকে হত্যা করে। ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিচার চলাকালে ২৯ জন সাক্ষীর বক্তব্য নেওয়া হয়।
