ওয়াশিংটনে ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে থাকবেন ইউরোপীয় নেতারাও

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৫:৪৬ পিএম

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ ইউরোপের অন্যান্য শীর্ষ নেতারাও। খবর বিবিসি

রবিবার (১৭ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের রাশিয়ার অবৈধ যুদ্ধ বন্ধে প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং পুনরায় জোর দিয়ে বলেছেন— প্রেসিডেন্ট জেলেনস্কিকে বাদ দিয়ে শান্তির পথ নির্ধারণ করা যাবে না। আজ তিনি ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর এক বৈঠকে সহ-সভাপতিত্ব করেছেন, যেখানে ইউক্রেনকে সম্ভাব্য চুক্তির প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আগামীকাল হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য বৈঠকে প্রধানমন্ত্রী ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অংশ নেবেন এবং আলোচনার পরবর্তী ধাপে পূর্ণ সমর্থন জানাবেন। তিনি পুনর্ব্যক্ত করবেন, ইউক্রেনের প্রতি তার সমর্থন যতদিন প্রয়োজন, ততদিন অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ছাড়াও ইউরোপের একাধিক শীর্ষ নেতা আগামীকাল প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনায় অংশ নিতে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে যাচ্ছেন।

বৈঠকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন— জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এছাড়াও, ন্যাটোর মহাসচিব মার্ক রুট বৈঠকে অংশগ্রহণ করবেন বলে সংস্থাটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এই উচ্চপর্যায়ের বৈঠকে ইউক্রেন সংকটের ভবিষ্যৎ, শান্তিপ্রক্রিয়া ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত