২৪ প্রকারের কসমেটিকস জব্দ

মুন্সীগঞ্জে নকল কসমেটিকস কারখানার সন্ধান, মালিককে কারাদণ্ড

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নকল ও ভেজাল কসমেটিকস কারখানার সন্ধান পাওয়া গেছে। এসময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। একই সঙ্গে কারখানার মালিক মো. ইয়াছিনকে (৩৫) আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত কসমেটিকস ধ্বংস করা হয়।

আজ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার ষোলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কালাম খানের এ অভিযান চালায় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের ১৯ বীর সেনা সদস্য ও জেলা প্রশাসকের প্রতিনিধিরা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প জানায়, সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি ভাড়া নিয়ে প্রায় ১৫ বছর ধরে বসবাস করে আসছিলো মো. ইয়াছিন। আর এক বছর ধরে কারখানা খুলে নকল ও ভেজাল কসমেটিকস উৎপাদন করে আসছেন। এ অবস্থায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাবেক ওই ইউপি চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া ইয়াছিনের দু’টি টিনশেড ভবনে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও প্রশাসন।

এসময় কারখানা থেকে অন্তত ২৪ প্রকারের ভেজাল ও নকল কসমেটিকস ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয়। এরমধ্যে রয়েছে ২ হাজার বোতল অলিভ অয়েল, দেড়-হাজার বোতল অর্গানিক হেয়ার অয়েল, ১ হাজার ২০০ বোতল কিউট গ্লিসারিন, ৮০০ জেসমিন বডি স্প্রে, ১ হাজার ২০০  হোয়াইট বিউটি ক্রিম, ৭০০ লেমন ফ্রেশ স্প্রে, ৬৫০ বোতল বেবি অলিভ অয়েল, ১ হাজার ৪০০ পিস গৌড়ি ক্রিম, ৮০০ পিস লতা হারবাল ক্রিম, ৪০০ বোতল জাফরান হেয়ার অয়েল, ৩০০ বোতল টিউলিপ অলিভ অয়েল, ৫০ প্যাকেট স্টার্ট হেয়ার কালার, ২৫০ পিস নুর পাকিস্থানী ক্রিম, এলিজাবেথ ক্রিম, ১ হাজার ২০০ বোতল অরেঞ্জ হেয়ার অয়েল, ২৫ প্যাকেট  সুগন্ধি কেমিক্যাল, ৪৫০ বোতল হেক্সিসোল, ২০০ পিস তিব্বত পমেট ক্রিম, ২ হাজার ৮৮ পিস কাশ্মীর মেহেদী, ১২ ডজন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিরাপদ কনডম। এছাড়া ড্রাম ভর্তি ৭০০ লিটার তেল, ক্রিম তৈরির মেশিন, ৫ হাজার পিস বিভিন্ন পণ্যের খালি বোতল ও বিভিন্ন পন্যের খালি প্যাকেট উদ্ধার করেন।

এদিকে, অভিযান চলাকালে ওই ভেজাল ও নকল কসমেটিকস কারখানার মালিক ইয়াছিনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল আটক কারখানা মালিককে কারাদণ্ড ও জরিমানা করেন। কারখানা মালিক ইয়াছিন লালমনিরহাট সদরের মোগলহাট গ্রামের আব্দুল করিমের ছেলে। তাছাড়া জব্দ করা কসমেটিকস ও উৎপাদন সামগ্রী ধ্বংস করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত