মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের জেলা সদরে নির্বাচন পরবর্তী প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছে। তার নাম জসিম নায়েব (২৮)। শুক্রবার বিকালে জেলা সদর উপজেলার আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব মাফিক নায়েব।

স্থানীয়রা জানান, নির্বাচনে জসিম ও তার পরিবারের লোকজন এ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের (ফুটবল) পক্ষে কাজ করেন। ভোটও দেন স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকে। নির্বাচনে ফুটবল প্রতীক পরাজিত হলে এদিন বিকেলে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন হামলা করে জসিমকে এলোপাতাড়ি পেটায়।

নিহতের ভাই মশিউর নায়েব দাবি করেন, তার ভাই ও পরিবারের লোকজন ফুটবল প্রতীকের সমর্থক। নির্বাচনে পরাজিত হওয়ায় বিজয়ী বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সমর্থক একই গ্রামের গ্রাম্য চিকিৎসক নাসির আহমেদ ও তার ছেলে শাকিলের নেতৃত্বে শতাদিক লোক তাদের বাড়িতে হামলা করে। এসময় তার ভাই জসিমকে বাড়ি থেকে বের করে নিয়ে পেটায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ভাইকে মৃত ঘোষনা করেন।

আধারা ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার মিজি বলেন, নিহত জসিম স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। তার পরিবারের লোকজনও স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকে ভোট দেন। হামলাকারীরা বিএনপি প্রার্থীর সমর্থক। জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম বলেন, ওই গ্রামের ডা. নাসির ও তার ছেলে শাকিলের নেতৃত্বে হামলা করে। তারা বিএনপির সমর্থক। নিহত যুবক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। দিনব্যাপী চরাঞ্চলের বিভিন্ন সহিংসতার খবর পাচ্ছি। তবে নিহতের ঘটনাটি পূর্ব-বিরোধ, নাকি নির্বাচন কেন্দ্রীক-তা খতিয়ে দেখছি। এ প্রসঙ্গে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, আমরা জানার পরই পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত