নিহত বাংলাদেশির লাশ ফিরিয়ে দিলো বিএসএফ

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:২৭ পিএম

ভারতের মেঘালয়ে স্থানীয়দের হাতে নিহত হওয়া এক বাংলাদেশি নাগরিকের মরদেহ ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

রবিবার (১৭ আগস্ট) বিকেলে নেত্রকোনার কলমাকান্দার মহেশখোলা বিওপির মেইন পিলার ১১৮৮ সংলগ্ন এলাকা দিয়ে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এই সময় দুই দেশের পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।  

নিহত বাংলাদেশি নাগরিকের নাম মো. আকরাম হোসেন (৩২)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে প্রবেশের পর অপহরণের চেষ্টার অভিযোগ তুলে স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত হয় আকরাম হোসেন। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেঘালয় পুলিশ এ ঘটনার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশি পুলিশ প্রশাসনকে অবহিত করে। পরবর্তীতে ভারতীয় পুলিশ লাশটি বিএসএফ’র কাছে হস্তান্তর করে। বিএসএফ ও বিজিবির সমন্বয়ে শেষ পর্যন্ত কলমাকান্দার মহেশখোলা বিওপি নিয়ে মরদেহটি হস্তান্তর করে ভারত।  

নিহত আকরামের ভাই শেখ ফরিদ বলেন, আমার ছোট ভাই আকরাম হোসেনের মৃত্যুর খবর আমি প্রথমে ফেসবুকের মাধ্যমে জানতে পারি। খবর পাওয়ার পর থেকেই আমরা বিজিবি এবং ঝিনাইগাতি থানা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছি, যেন আমার ভাইয়ের মরদেহ দ্রুত বাংলাদেশে আনা যায়। তবে আমার পরিবারের অবস্থা খুবই খারাপ, মা শোকে ভেঙে পড়েছেন। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন আইনানুগ প্রক্রিয়া শেষে আমার ভাইয়ের মরদেহ দ্রুত আমাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “বিএসএফ ও বিজিবির সমন্বয়ে নিহত বাংলাদেশির লাশ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত