বগুড়ায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ছয়টি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজেবল ইউনিট। রবিবার সন্ধ্যা ৭টার পর বগুড়া সেনানিবাসের বোম ডিসপোজেবল টিম এসব গ্রেনেড নিষ্ক্রিয় করে।
এর আগে রবিবার দুপুরে মাছ ধরতে গিয়ে ছোট কুমিড়া তাবলিগ জামাতের মার্কাজ মসজিদ সংলগ্ন ডোবায় এসব গ্রেনেড দেখতে পায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, তিনি মাছ ধরতে গিয়ে ডোবার পানি সেচে নামেন। এ সময় হাতে লোহার বলের মতো কিছু অনুভব করেন। তুলে দেখেন সেটি গ্রেনেড। পরে পরিবারের সদস্যদের জানালে তারা আরও তিনটি গ্রেনেড খুঁজে পান। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে চারটি গ্রেনেড উদ্ধার করে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে উদ্ধারে নেমে আরও দুটি মিলে মোট ছয়টি গ্রেনেড পাওয়া যায়। এরপর থেকেই সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে রাখে। সন্ধ্যা ৭টার পর সেনাবাহিনীর বোম ডিসপোজেবল ইউনিট সদস্যরা ঘটনাস্থলে আসে এবং প্রায় দেড় ঘণ্টা ধরে তারা গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে।
এদিকে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করলেও স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গ্রেনেডগুলো কোথা থেকে আসলো তা তদন্ত করাসহ আরও গ্রেনেড এ এলাকায় আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান।
বগুড়া সদর থানার উপশহর ফাড়ির ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, গ্রেনেড উদ্ধারের খবর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়। সেনাবাহিনীর সদস্যরা এসে নিষ্ক্রিয় করেছেন। এলাকায় সকলকে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি।
