আইন উপদেষ্টাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন 

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ এএম

দেশের চিকিৎসকদের নিয়ে আইন উপদেষ্টা ড . আসিফ নজরুলের  মন্তব্যকে মিথ্যা, অবমাননাকর ও ভিত্তিহীন দাবি করে বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। 

উপদেষ্টার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, আইন উপদেষ্টা চিকিৎসক সমাজের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে চিকিৎসকদের বিরুদ্ধে এধরনের হীন মানসিকতাপ্রসূত মন্তব্য থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবেন। রবিবার (১৭ আগস্ট) রাতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এই বিবৃতি দেয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, সারা দেশের চিকিৎসকদের সম্মিলিত প্রতিনিধি সংগঠন হিসেবে, আইন উপদেষ্টার চিকিৎসক সমাজের বিরুদ্ধে সাম্প্রতিক অপমানজনক, অযৌক্তিক ও সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্যের তীব্রতম নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। আইন উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও এই ধরনের বিষোদগার কেবল দুঃখজনকই নয়, বরং চরম অশোভন, অন্যায়, অবমাননাকর ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একটি দায়িত্বশীল পদে আসীন ব্যক্তির কাছ থেকে এমন নির্বুদ্ধিতাপূর্ণ মন্তব্য আমাদের গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের চিকিৎসকরা প্রতিটি মুহূর্তে জীবন বাজি রেখে মানুষের সেবা করে চলেছেন। বিশেষত, কোভিড-১৯ মহামারীতে অগণিত চিকিৎসক নিজের জীবন উৎসর্গ করেছেন, ডেঙ্গু মহামারীতে দিন-রাত নিরলসভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন, প্রতিটি দুর্যোগে মানুষের জীবন রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। সবসময়ই সীমিত সম্পদ ও অবকাঠামোগত দুর্বলতার মধ্যেও সর্বোচ্চ সেবা দিয়ে চলেছেন। এই মহান আত্মত্যাগের বিনিময়ে তাঁরা কি এমন কলঙ্কময় অপমান পাওয়ার যোগ্য?

বিবৃতিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, স্বাস্থ্যখাতের যাবতীয় সমস্যার জন্য চিকিৎসকদের দোষারোপ করা চরম অন্যায় ও বিবেকহীনতার পরিচায়ক। প্রকৃত সমস্যাগুলো হলো: অপর্যাপ্ত বাজেট বরাদ্দ ও অব্যবস্থাপনা, নীতিনির্ধারণী পর্যায়ের ব্যর্থতা, অবকাঠামোগত দুর্বলতা ও উন্নয়নের অভাব, ক্ষেত্রবিশেষে প্রশাসনিক গাফিলতি ও জবাবদিহিতার অভাব।

বিবৃতিতে চিকিৎসকরা বলেন, এসব দাবির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত