বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট তিন শতাধিক বই পুড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মুল ফটকের সামনে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে লেখা জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেয়।
শিক্ষার্থীদের দাবি, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশ থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাসহ স্বৈরাচারের সকল স্মৃতি চিহ্ন মুছে ফেলা হয়েছে। শিক্ষকরা আমাদের বলেছিলো তারা আমাদের লাইব্রেরি থেকে তাদের সকল বই ফেলে দিয়েছে কিন্তু আজ আমরা দেখলাম সেই বইগুলো এখনো বিদ্যমান রয়েছে। তাই ক্ষুব্দ শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে বই গুলো এনে পুড়িয়ে ফেলেছে।
তারা আরো বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবহেলা এবং লাইব্রেরিতে পাঠ্যবইয়ের সংকটের মধ্যেও রাজনৈতিক বই দিয়ে তাক ভরে রাখা হয়েছে। এসব বই তাদের কোনো কাজে আসে না।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অনিল চন্দ্র কির্ত্তনীয়া বলেন, আমি স্টেশনে নাই তবে শুনতে পেয়েছি শিক্ষার্থী বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সংশ্লিষ্ট কিছু বই পুড়িয়ে দিয়েছে।
তিনি আরো বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় সকল বই সরিয়ে ফেলা হয়েছে বলে আমি জানতাম। লাইব্রেরিয়ান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় লাইব্রেরিতে কোন বই আছে কিনা সেটা আমার জানা ছিল না।
