চলতি সপ্তাহেই নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। আজ সোমবার (১৮ আগস্ট) একথা জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি আরও জানান, নিবন্ধন প্রত্যাশী দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ২২ দলের মাঠপর্যায়ের অবস্থান তদন্ত করতে চিঠি দিয়েছে ইসি।
সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা ৮২টি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে একটানা চারদিন অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এনআইডি সংশোধন প্রসঙ্গে সচিব বলেন, এনআইডি সংশোধনের জন্য দেওয়া যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে সেগুলো পুনর্বিবেচনার সুযোগ তৈরি করা হয়েছে। বর্তমানে সারা দেশে এ ধরনের আপিলের সংখ্যা প্রায় ৮০ হাজার। ইসি মনে করে, যদি ডাটা এন্ট্রি আরও নিখুঁত হয়, তাহলে আপত্তির সংখ্যা আরও কমে আসবে।
