জ্যোতি-মারুফায় ‘লালে’র কাছে কুপোকাত ‘সবুজ’

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৩৪ পিএম

নারী ওয়ানডের সর্বোচ্চ আসর হলো বিশ্বকাপ। এমনিতেই মানে-সামর্থে্য বড় দলগুলোর চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়ে জিতেছিল মাত্র একটি ম্যাচ-পাকিস্তানের বিপক্ষে। এবার বাছাইপর্ব পেরিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলার আগেও যে প্রস্তুতিটা ভালো হচ্ছে না, সেটি বলে দেওয়া যায় চ্যালেঞ্জ কাপের উদ্বোধনী ম্যাচের স্কোরকার্ড দেখেই।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিকেএসপির মাঠে জাতীয় দলকে লাল ও সবুজে দুভাগ করে এবং সঙ্গে অনূর্ধ্ব-১৫ ছেলেদের একটি দল নিয়ে উইমেনস চ্যালেঞ্জ কাপের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটির প্রথম ম্যাচে জাতীয় দলে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ‘লাল’ দল আগে ব্যাট করে তুলেছিল ১৪৪ রানের মামুলি সংগ্রহ। সেই লক্ষ্যটিও ছুঁতে পারেননি সহ-অধিনায়ক নাহিদা আক্তারের নেতৃত্বাধীন ‘সবুজ’ দল। গুটিয়ে যায় ১১২ রানেই। তাতে ৩২ রানে ম্যাচ জেতে ‘লাল’ দল।

বিকেএসপির ৩ নম্বর মাঠে সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সবুজ দল। সিদ্ধান্ত কাজেও লাগে। ৪২ রানের মধ্যে লালের ৫ ব্যাটার ফেরেন সাজঘরে। কিন্তু ইনিংস আগলে রাখেন জ্যোতি। ১৩১ বলের ধৈর্য্যশীল ইনিংসে ৬ চারে করেন অপরাজিত ৭৮ রান। তাতেই অলআউট হওয়ার আগে ১৪৪ রান জমে বোর্ডে।

জবাবে ফারজানা হক পিংকির ৩০ আর নাহিদার ২০ রান ছাড়া বলার মতো কোনো ইনিংস নেই সবুজের স্কোরকার্ডে। মাত্র ৬ ওভারে ১৩ রানে ৪ উইকেট তুলে নেন মারুফা আক্তার। ফাহিমা খাতুনও ৪ শিকার ধরেন ৮.১ ওভারে ২০ রান খরচায়। ১০ ওভার বাকি থাকতেই ১১২ রানে থেমে যায় সবুজের ইনিংস। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত