নকল ওষুধ প্রদর্শন, বিপণন ও বিক্রয়ের অভিযোগে খুলনা নগরীর রয়েল মোড়ে অবস্থিত লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. সেলিমের নেতৃত্বে সোমবার ( ১৮ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়।
উপ-পরিচালক জানান, মো. সাইফুল্লাহ আল রাব্বি অভিযোগের প্রেক্ষিতে সোমবার লাজ ফার্মার খুলনার রয়েল মোড় শাখায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায় লাজফর্মা ফিলিপাইনের ওষুধ বলে এক ধরনের চুলকানি নিরাময় ওষুধ প্রদর্শন, বিপনন ও বিক্রয় করছে। কিন্তু ওষুধটি মুলত ফিলিপাইনের ওষুধ না। এটি ঝিনাইদহের এডোরাবেলা হেলথ কেয়ার নামের ভুয়া প্রতিষ্ঠানের ভেজাল ওষুধ।
তিনি জানান, সত্যতা পাওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লাজফর্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করে। এরমধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১ ধারায় ২ লাখ, ৪৪ ধারায় ২ লাখ এবং ৫০ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সংশোধন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
