দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ডাস্টবিনের পাশের ময়লা পরিষ্কার করার সময় প্রায় তিন কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের পাশে ময়লা ফেলার স্থানে পরিত্যক্ত একটি ব্যাগে মূর্তিটা পাওয়া যায়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে ,আজ দুপুর আড়াইটার দিকে জরুরী বিভাগের পাশে ময়লা ফেলার স্থানটি পরিচ্ছন্ন করার কাজ করছিলেন এক পরিচ্ছন্ন কর্মী। কাজের ফাঁকে সেখানে একটি পলিথিনে মোড়ানো ভারি কিছু দেখতে পান। পরে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানান।
বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান বলেন, “কাজের ফাঁকে এক পরিচ্ছন্ন কর্মী ছুটে এসে বিষয়টি জানায়। তখন কয়েক জনকে সাথে নিয়ে ব্যাগটি খুলি দেখি একটি কষ্টি পাথরের মূর্তি। ওজন প্রায় তিন কেজির বেশি হবে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। মূর্তিটা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, “মূর্তিটি কিসের বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে এটা কষ্টি পাথরের। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যাবে।”
