গুঞ্জনের মুখে ছাই ঢেলে আগামী বছরই প্রত্যাবর্তন করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলিউডের মেধাবী পরিচালক ও সঞ্চালক করণ জোহর। আবারও মনোরঞ্জনের মঞ্চে তার জাদু ছড়াতে প্রস্তুত বলিউডের শো-ম্যান! তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় দর্শকদের ভরপুর বিনোদনে মাতিয়ে রেখেছেন। মাঝে বিরতি নিয়েছিলেন। কোনো ছবি করেননি। তবে ২০২৬ সালে ফের ক্যামেরার পেছনে ফিরতে চলেছেন নতুন কোনো ব্লকবাস্টার দেওয়ার লক্ষ্যে।
২৭ বছরের ক্যরিয়ারে করণ উপহার দিয়েছেন সাতটি সুপারহিট ছবি, যা বলিউডের ইতিহাসে স্মরণীয়। তার একমাত্র ফ্লপ ছবিটিও ছিল একটি অ্যান্থলজি, একক রিলিজ নয়। এমন রেকর্ডই প্রমাণ করে, করণের ছবি মানেই গল্প, আবেগ আর গ্ল্যামারের নিখুঁত মিশেল।
এই প্রত্যাবর্তনের খবর নিজেই শেয়ার করেছেন করণ। জানিয়েছেন, ঠিক কী ধরনের ছবি নিয়ে ফিরছেন তিনি, আর কীভাবে দর্শকদের আবারও মুগ্ধ করতে চান। করণ জোহর সমুদ্রের ধারে নিজের ডে-আউটের ছবি শেয়ার করেছেন। সাদা পোশাকে নানা ভঙ্গিমায় পোজ দিয়ে। তাকে বেশ কুল লাগছে। সেই ছবির সঙ্গে নিজের প্রত্যাবর্তনের ঘোষণা করে করণ লিখেছেন, ‘এই সূর্য, এই সমুদ্র, আর এই নির্মল দৃশ্য...গত বছর ছিল আত্মবিশ্লেষণ, পুনর্মূল্যায়ন আর সংকল্পের। যেন আমার জীবনের সূর্যোদয়ের দ্বিতীয় সংস্করণ। এখানে এসে বুঝতে পারি, আমার জীবনে আসলে কী আছে, আর ধীরে ধীরে তার সঙ্গে আবেগে জড়িয়ে পড়ি।’
এর সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘২০২৬ সেই বছর, যখন আমি আবার সেটে ফিরছি। এই প্রতিশ্রুতি আমি নিজেকেই দিয়েছি। কারণ এটা শুধু আনন্দের জায়গা নয়, এটা আমার জীবনের একমাত্র প্যাশন।
সব শর্ত মেনে একদম পুরনো ধাঁচের ভালো ছবি বানানো এটা তো আমার উঘঅ-তে আছে। তাহলে আমি কেন পালাব? ওপরের লেখাগুলো হয়তো অনেক ভাবনার মিশ্রণ মনে হতে পারে, কিন্তু আমি আমার চিন্তায় একদম পরিষ্কার। শুধু এই মুহূর্ত নয়, পুরো দিনটাই যেন আমার মধ্যে মিশে গিয়েছে। সবাইকে অনেক ভালোবাসা।’