রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গাজী এমএইচ তামিম বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে সারা দেশে তদন্ত চলছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে কখনো হয়নি। ফলে তদন্ত শেষ করতে কিছুটা সময় প্রয়োজন।’
দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়ার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দলটির বিরুদ্ধে তদন্ত করছে। দেশব্যাপী তদন্ত পরিচালনার কারণে তা শেষ হতে সময় লাগতে পারে। তবে কত দিনের মধ্যে তদন্ত শেষ হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
প্রসিকিউটর আরও বলেন, ইতিমধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় দলটি সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়েও অভিযোগ আনা হয়েছিল। আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। তাঁর মতে, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওই রায়ের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে গাজী এমএইচ তামিম বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
তিনি আরও জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলায় আসামিদের সাজা হয়েছে।