২০২৪-এ গণঅভ্যুত্থানের সময় ঢাকার সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়। আগামী ১৫ ডিসেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। প্রসিকিউটর ফারুক আহম্মদ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। এ মামলার ১৯ আসামির মধ্যে ৬ জন কারাগারে আছেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া ও মিজানুর রহমান।
ঢাকা-১৬ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান রিপন, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবসহ ১৩ জন এখনো পলাতক।
নিহত আসহাবুল ইয়ামিন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভার বাজার বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে দুপুর দেড়টার দিকে তাকে বুকের বাঁ পাশে গুলি করা হয়। এতে তার বুকে অসংখ্য স্পিøন্টার বিদ্ধ হয়। এমন অবস্থাতেই ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে ফেলে রেখে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভীতি প্রদর্শনের জন্য গাড়িটিকে প্রদক্ষিণ করাতে থাকেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। একপর্যায়ে প্রায় মৃত অবস্থায় ইয়ামিনকে টেনে সড়কের বিভাজকের পাশে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা ইয়ামিনকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।