কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।
রবিবার (২২ নভেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানা-পুলিশ এ তথ্য জানায়। এর আগে শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত রাতের টহলের অংশ হিসেবে ওই এলাকায় ফুট পেট্রোল পরিচালনা করছিল পুলিশের একটি দল। এ সময় কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেওয়া হয়। তবে পুলিশের নির্দেশ অমান্য করে চালক নসিমন থেকে দুটি সাদা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যান। পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়।
অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ উপস্থিত ছিলেন।
পুলিশের ধারণা, সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে এসব অলিভ অয়েল এনে ঢাকায় নেওয়া হচ্ছিল। এ ঘটনায় জব্দ করা পণ্য সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে থানায় জমা রাখা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং জব্দ করা পণ্যের মালিকানা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ ও সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট ও ফুট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।