আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর মো. হাসানুল বান্না। অসুস্থতার কারণে অব্যাহতি নিয়েছেন তিনি। গত ২ আগস্ট তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এ আবেদন করেন। গতকাল মঙ্গলবার বিষয়টি জানা যায়। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে বলা হয়, চিফ প্রসিকিউটর তার পদত্যাগপত্র অনুমোদন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
চিঠিতে অ্যাডভোকেট হাসানুল বান্না লেখেন ‘আমি বেশ কিছুদিন ধরে জন্ডিস/লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলাম। আমার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ার কারণে আপনার (চিফ প্রসিকিউটর) অফিসে যোগদান করতে পারছি না। আমার চিকিৎসার জন্য আরও সময় লাগবে। এমতাবস্থায় আমি আমার শারীরিক অসুস্থতার কারণে প্রসিকিউটর পদ থেকে পদত্যাগপূর্বক অব্যাহতি প্রার্থনা করছি।’
গত ১ জানুয়ারি হাসানুল বান্নাকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে আইন, বিচার মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গতকাল সাংবাদিকদের বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে প্রসিকিউটর হাসানুল বান্না চিফ প্রসিকিউটর বরাবর পদত্যাগপূর্বক অব্যাহতির আবেদন করেছেন। চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তিনি (হাসানুল বান্না) দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত আছেন। নিয়োগের পর মাত্র কয়েক দিন অফিস করার পরই তার শরীরে এ জটিল রোগ ধরা পড়ে। এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন।’
