ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। গত বছরের জুলাই মাসে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বির প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠন দুটি।
২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত হন বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ছাত্রী সানজিদা আহমেদ তন্বি। ওই দিন তার চোখের চশমা ভেঙে রক্তাক্ত অবস্থার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়েছিল, যা পরবর্তীতে আন্দোলনকে আরও বেগবান করে তোলে।
গত শনিবার কেন্দ্রীয় সংসদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন সানজিদা আহমেদ তন্বি। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের রোকেয়া হলের আবাসিক ছাত্রী।
বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের প্যানেল ঘোষণার সময় সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত বছরের ১৫ জুলাই সানজিদা আহমেদ তন্বির রক্তাক্ত মুখ সবাইকে নাড়িয়ে দিয়েছিল। তার এই ত্যাগের প্রতি সম্মান জানাতেই আমরা এই পদে কোনো প্রার্থী দিচ্ছি না।
এর আগে একই পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছিলেন সানজিদা তন্বি। পরে বাগছাসও একই কারণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পদে কোনো প্রার্থী না দেওয়ার ঘোষণা দেয়। তবে সমন্বিত বাম জোট ও ইসলামী ছাত্রশিবির এই পদটি খালি রাখেনি; তারা নিজেদের প্রার্থী দিয়েছে।
