নাটোরের লালপুর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে (৪৭) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলত-৪ এর বিচারক মো. সোহাগ তালুকদার এ রায় দেন। এসময় আসামি উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে একই উপজেলার রাম নারায়নপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকত। গত ২০২০ সালের ২৭ এপ্রিল পারিবারিক কলহের জেরে স্ত্রী লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে একই উপজেলার জোকাদহ বটতলা এলাকায় ফেলে পালিয়ে যায় স্বামী সিরাজুল ইসলাম।
পরে লতার মরদেহ ময়না তদন্তে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেদন জানার পরে সিরাজুল ইসলামকে আসামি করে ১৩ ডিসেম্বর লালপুর থানায় মামলা দায়ের করেন লতার বাবা হেলাল উদ্দিন। মামলা রুজুর পরে পুলিশ অভিযান চালিয়ে লালপুর এলাকা থেকে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।
নাটোর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মাহমুদুর রহমান মামুন জানান, মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে সিরাজুল ইসলাম দোষি সাবস্ত্য হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
