একদিনের ব্যবধানে কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:১৪ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের ভেসে এলো একটি মৃত ইরাবতী বাচ্চা ডলফিন। মাত্র একদিনের ব্যবধানে সৈকতে আরেকটি ডলফিন ভেসে আসায় স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে কুয়াকাটা সৈকতের ডিসি পার্ক সংলগ্ন স্থানে প্রায় তিন ফুট দৈর্ঘ্যের ডলফিনটি দেখতে পান স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী রিপন হাওলাদার। তিনি বিষয়টি উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) সদস্যদের জানান। এনিয়ে চলতি বছরে মোট ৭ টি মৃত্যু ডলফিন ভেসে আছে। 

উপরা’র যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন রাজু  বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে জেলেদের জালের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে। পরে বিষয়টি পৌর প্রশাসককে জানানো হলে পৌরসভার টিম এসে বন বিভাগের লোকদের সাথে নিয়ে ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করে।”

ওয়ার্ল্ডফিশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, “ডলফিন একটি নির্দেশক প্রজাতি। অর্থাৎ এর উপস্থিতি নদী ও সমুদ্রের পানির মান, খাদ্যপ্রাচুর্য এবং ভালো প্রতিবেশ ব্যবস্থার সুস্থতা নির্দেশ করে। একের পর এক ডলফিন মারা যাওয়া মানে পানিদূষণ, অতিরিক্ত মাছ ধরা, নৌযানের চাপ ও বাসস্থান ধ্বংসের মতো বড় পরিবেশগত সমস্যার সংকেত। IUCN Red List অনুযায়ী এটি বিপন্ন প্রজাতি প্রাণী। একে রক্ষা করার জন্য স্থানীয় জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ডলফিন অভয়ারণ্য এলাকায় জাল বিশেষ করে অবৈধ জাল ব্যবহার বন্ধ করা জরুরি।”

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, “একদিনের ব্যবধানে আরও একটি মৃত ডলফিন ভেসে আসা সত্যিই উদ্বেগজনক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এসব মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের আহ্বান জানাচ্ছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত