চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী নুরুল আমিন ওরফে টিটুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। টিটু উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, পুলিশের ওপর হামলার মামলার পাশাপাশি টিটুর বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে ২টি, চাঁদাবাজির ১টি এবং কোতোয়ালি থানায় মাদক আইনে আরও ১টি মামলা রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে। টিটু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৭ মে গভীর রাতে শিকলবাহা কলেজ বাজার জামালপাড়ায় পুলিশের অভিযানে দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় কর্ণফুলী থানার ওসি ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গুরুতর আহত হন।
এ ঘটনায় গত ১৯ মে থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়, যার এজাহারভুক্ত আসামি ছিল টিটু।
