জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় রাজসাক্ষী হতে আগ্রহ প্রকাশ করেছেন আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক শেখ আফজালুল হক। বর্তমানে তিনি মামলার আসামি হলেও বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সংক্রান্ত আবেদন জমা দেন।
এদিকে একই দিনে এ মামলার আরেক আসামি সাবেক সংসদ সদস্য সাইফুলসহ মোট ১৬ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এর আগে, গত ১৩ আগস্ট অভিযোগ গঠনের শুনানি শেষে বৃহস্পতিবারের তারিখ ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়।
প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জনকে হত্যা করে পাঁচজনের লাশ ও এক আহত ব্যক্তিকে আগুনে পোড়ানো হয়। এর আগে ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যা করা হয় আরও একজনকে।
ঘটনার এক মাস পর, গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়।
গণ-অভ্যুত্থানের ঘটনায় ২৬ মামলার চার্জশিট দাখিল