স্ত্রীকে রাগের মাথায় তিন তালাক দিয়ে আবার বিয়ে করায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামের আব্দুল জলিল প্রামাণিককে মারধর করা হয়েছে। এতে তার বাম হাত ভেঙে যায়। প্রায় দেড় বছর ধরে তাকে সামাজিক কোনো কাজেও অংশ নিতে দেওয়া হয়নি। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।
ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জেরে আব্দুল জলিল রাগের মাথায় স্ত্রীকে তালাক দেন। ২৯ দিন পর তিনি স্ত্রীকে পুনরায় বিয়ে করলে গ্রাম্য মাতব্বরেরা ক্ষুব্ধ হয়ে তার পরিবারকে সমাজচ্যুত বা একঘরে করেন। পরে জলিল বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। ইউএনও বিষয়টি ইউপি চেয়ারম্যানকে সমাধানের দায়িত্ব দিলেও কার্যত কোনো সমাধান হয়নি।
আব্দুল জলিল বলেন, রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছিলাম। পরে আবার বিয়ে করি। ঢাকার একজন মুফতির মতামত আনলেও মাতব্বররা মানেননি। তারা হিল্লা বিয়ে ছাড়া বিয়ে বৈধ নয় বলে আমাকে সমাজচ্যুত করে রেখেছেন। নামাজ, জানাজা, মিলাদ মাহফিল—কোথাও যেতে দেন না।
রায়কালী ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মণ্ডল বলেন, আব্দুল জলিল মুক্তিযোদ্ধার সন্তান। তিনি রাগের মাথায় স্ত্রীকে তালাক দেন। পরে পুনরায় বিয়ে করায় মাতব্বরেরা তাকে সমাজচ্যুত করেন। এ ঘটনার জেরে তাকে মারধর করা হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আব্দুল জলিল থানায় অভিযোগ দিয়েছিলেন। তদন্তে ঘটনার সত্যতা মেলায় গতকাল মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হুমকি
দুর্বার গতিতে রজনীকান্তর ‘কুলি’