নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জাল সনদ তৈরীর অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামের এক দোকান মালিককে ২০দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ( ২১ আগস্ট) সন্ধ্যায় চাষাঢ়া সমবায় মার্কেটের ৪র্থ তলার স্কাইনেট আইটি নামের একটি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাব-১১ এবং সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে অবৈধ সনদ তৈরির অভিযোগ পেয়েছিলাম। পরে দোকানটিতে এসে জাল সার্টিফিকেট তৈরি করার উপযুক্ত প্রমাণ হাতেনাতে ধরতে সক্ষম হই। এ ঘটনায় স্কাইনেট আইটির মালিক আব্দুল্লাহ আল মামুনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
