প্রতি ওয়ানডেতেই রেকর্ড গড়া ব্রিটজকে এবার গড়লেন বিশ্বরেকর্ড

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৪:১২ পিএম

দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার–ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজকে আর রেকর্ড যেন সমার্থক হয়ে গেছে। ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ৪টি ওয়ানডে খেলেছেন, প্রতিটিতেই কোনো না কোনো রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সী এই তারকা। আজ শুক্রবার কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলেছেন ৮৮ রানের ইনিংস, যা আরেকটি বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছে।

গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় অনুষ্ঠিত ম্যাচে ৮৮ রানের ইনিংস খেলা ব্রিটজকেই ওয়ানডে ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার, যিনি নিজের প্রথম চার ম্যাচে বা ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। এর আগে ভারতের নভজ্যোৎ সিং সিধুও প্রথম চার ইনিংসে ফিফটি করেছিলেন, তবে পাঁচ ম্যাচে। কারণ নিজের তৃতীয় ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু ব্রিটজকে প্রথম চার ম্যাচেই ব্যাট হাতে নেমে করেছেন চারটি ফিফটি।

দক্ষিণ আফ্রিকার এই নবীন তারকার ওয়ানডে অভিষেক হয়েছিল গত ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে। সেই ম্যাচে খেলেছিলেন ১৫০ রানের ঝলমলে ইনিংস, যা অভিষেক ওয়ানডেতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। ১৯৭৮ সালে ডেসমন্ড হেইন্স করেছিলেন ১৪৮ রান। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করে ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম দুই ম্যাচে ২০০র বেশি রানের রেকর্ড গড়েন।

গত বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে খেলেন ৫৭ রানের ইনিংস। ফলে তিন ইনিংসে সর্বোচ্চ রানের করার রেকর্ডও তার দখলে চলে যায়। আর আজকের ৮৮ রানের ইনিংসের পর প্রথম চার ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন তার। চার ম্যাচ শেষে ব্রিটজকের সংগ্রহ ৩৭৮ রান। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন টেম্বা বাভুমা (২৮০ রান)। ব্রিটজকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২টি টেস্ট ও ১০টি টি-টোয়েন্টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত