অযৌক্তিকভাবে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, এ পদ্ধতি বাস্তবায়ন হলে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ চিনবে না। অর্থের বিনিময়ে ব্যবসায়ী এবং বিতর্কিতরা এমপি হয়ে যাবে।
শুক্রবার বিকালে নয়াপল্টন দলের কেন্দ্রী কার্যালয়ে চেয়ারপার্সন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস এবং মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী শ্রমিক ঢাকা মহানগর দক্ষিণ এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, অনেক ক্রান্তিকাল অতিক্রম করে আজ একটি স্থিতিশীল অবস্থায় আমরা এসেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে তা সমাপ্ত করতে হবে।
তিনি বলেন, হঠাৎ করে অযৌক্তিকভাবে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে। বাংলাদেশের জনগণ এ পদ্ধতির সাথে পরিচিত নয়। আমাদের দেশে এটি অনেক কঠিন ব্যাপার। কেনো এ পদ্ধতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে? যে ভোটাধিকারের জন্য এত সংগ্রাম, এত রক্ত বিলিয়ে দেওয়া হলো সে ভোটের পদ্ধতি নিয়ে কেনো এত লুকোচুরি? ভোটাররা প্রার্থী নির্বাচিত না করে দলকে নির্বাচিত করলে রাজনৈতিক দল কর্তৃত্ববাদী হয়ে পড়বে।
তিনি বলেন, এ পদ্ধতি বাস্তবায়ন হলে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ চিনবে না। অর্থের বিনিময়ে ব্যবসায়ী এবং বিতর্কিতরা এমপি হয়ে যাবে। জনগণ তার পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারবে না। জনগণকে অগ্রাহ্য করে এ পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করা হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারণ, শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। ন্যায় বিচার, আইনের শাসন দুমড়ে মুচড়ে দিয়েছে। হাসিনার রেখে যাওয়া দোসররা দেশকে অস্থিতিশীল করতে ওঁত পেতে আছে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, মেগা প্রজেক্টের নামে ৬৮ শতাংশ অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে। এর জন্য আন্তর্জাতিক মানের একটি অডিট হওয়া দরকার। সব জায়গায় মহাদুর্নীতি। এগুলো কারা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার সভাপতিত্বে সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ প্রমুখ।
