পরিবেশ ধ্বংস করে কোনো জাতি টিকতে পারেনি: মঈন খান

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০১:২৫ এএম

প্রকৃতিকে উপেক্ষা করে কিংবা ধ্বংস করে কোনো জাতি ইতিহাসে টিকে থাকতে পারেনি—এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর উত্তরখান শাহ কবির মাজার রোডে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সুন্দরবনে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। সেই প্রকল্প কার্যকর হলো কি না, তা জনগণ জানুক। কিন্তু আমি বলব, এই প্রকল্প জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি করেছে। তাই এখনই সচেতন হতে হবে। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, প্রকৃতির সঙ্গে সহাবস্থান ছাড়া বাঁচার কোনো উপায় নেই। পৃথিবীর প্রাচীন সভ্যতার ইতিহাসে এর অসংখ্য উদাহরণ রয়েছে।

তিনি আরও বলেন, “গাছ লাগান, দেশ বাঁচান।” এর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বার্তা দিয়েছেন—পরিবেশ রক্ষায় এখন থেকে আরও সজাগ হতে হবে। শুধু বৃক্ষরোপণ নয়, উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময়ও পরিবেশের ভারসাম্যকে গুরুত্ব দিতে হবে, যাতে বর্তমান সরকারের মতো করে দেশের প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয়।

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্যের মতে, প্রত্যেক নাগরিকের উচিত পরিবেশ নিয়ে সচেতন হওয়া। কারণ, বাংলাদেশকে রক্ষা করতে হলে পরিবেশকে রক্ষা করতেই হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত