ট্রাম্প প্রশাসনের রোষে চাকরি গেল পেন্টাগন গোয়েন্দা প্রধানের

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেনেন্ট জেনারেল জেফরি ক্রুজ, নৌ রিজার্ভের প্রধান এবং স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের কমান্ডারকে বরখাস্ত করেছেন। 

শুক্রবার তিন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে তার প্রশাসন সামরিক বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থায় ‘অপছন্দের’ কর্মকর্তাদের বরখাস্ত করছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ পদক্ষেপে তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরানো হলো। তবে তাদেরকে কী কারণে বরখাস্ত করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। চাকরিচ্যুত কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অপসারণের কারণ তারা নিজেরাও জানেন না।

গোয়েন্দা সংস্থার প্রধান ক্রুজের অপসারণকে ট্রাম্প প্রশাসনের বিপজ্জনক অভ্যাস বলে মন্তব্য করেছেন সেনেট সিলেক্ট কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার। তিনি বলেন, গোয়েন্দা তথ্যকে দেশ সুরক্ষার বদলে আনুগত্য যাচাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে।

এর আগে, এপ্রিল মাসে ট্রাম্প জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক জেনারেল টিমোথি হগ ও হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের ডজনেরও বেশি কর্মীকে বরখাস্ত করেন। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথও ফেব্রুয়ারিতে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ পাঁচ অ্যাডমিরাল ও জেনারেলকে দায়িত্ব থেকে সরান।

এদিকে, সোমবার মার্কিন বিমান বাহিনীর প্রধান ঘোষণা দিয়েছেন, মেয়াদের অর্ধেক পেরিয়েই তিনি অবসর নেবেন।

এই অপসারণের পেছনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) একটি মূল্যায়ন ফাঁস হওয়ার ঘটনাকে দায়ী করা হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়েছে। কিন্তু ট্রাম্প দাবি করেছিলেন, হামলায় ইরানি স্থাপনা ‘গুঁড়িয়ে’ দেওয়া হয়েছে। প্রতিবেদন ফাঁস হওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হন এবং এ সংবাদ প্রকাশকারী সংবাদমাধ্যম সিএনএন, নিউ ইয়র্ক টাইমসকে ‘আবর্জনা’ ও ‘ফেক নিউজ’ বলে আক্রমণ করেন। তবে ক্রুজের চাকরিচ্যুতির সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কিনা, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত