মাওলানা ভাসানী সেতুর বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনায় মামলা

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৪৩ পিএম

গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর জন্য সদ্য উদ্বোধন করা মাওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের ক্যাবল চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।

শুক্রবার (২২ আগস্ট) রাতে মাওলানা ভাসানী সেতুর নিরাপত্তা ইনচার্জ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। তবে, মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।

‎শনিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় রাতেই একটি মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া। উদ্বোধনের রাত থেকেই সেতুতে আলো জ্বালানো সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, উদ্বোধনের আগেই সেতুর বৈদ্যুতিক সংযোগের ৩০০ মিটার তার চুরি হয়েছিল। চুরির ঘটনাটি গোপন রেখে জেনারেটর চালিয়ে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। উদ্বোধন করার আগেরদিন বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে নিরাপত্তা কর্মী দেখেন সংযোগ তার চুরি হয়ে গেছে। তখন বাধ্য হয়ে জেনারেটর চালিয়ে সব কাজ শেষ করে কর্তৃপক্ষ। উদ্বোধনের দিন সন্ধ্যায় দর্শনার্থীরা নতুন সেতু দেখতে এসে বিপাকে পড়েন। সেতুতে চলাচলকারীদের সুবিধা ও শোভাবর্ধনের জন্য বৈদ্যুতিক বাতি না জ্বলায় দুর্ভোগ পোহাতে হয়। সম্প্রতি, শুক্রবার রাতে অন্ধকার সেতুতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষ গোপন রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

‎বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পর সেতুর নিরাপত্তা ইনচার্জ নুর আলম বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি দায়ের করেছেন। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, ৫ লাখ টাকা মূল্যের ৩০০ মিটার সংযোগ তার চুরি করা হয়েছে। এতে সেতুতে  আলো না জ্বলায় ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। ফলে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে হামেশাই। দ্রুত সংযোগ লাইন স্থাপন করে বাতিগুলো সচল করার দাবি স্থানীয়দের।

এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী জানান, সেতুটির ল্যাম্পোস্টের বৈদ্যুতিক সংযোগের ক্যাবল চুরির বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা পুলিশ বক্স স্থাপনের ব্যবস্থা নিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত