রাশিয়া থেকে তেল ক্রয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধির সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন, ‘ভারতের নীতিমালা শুধুমাত্র জাতীয় স্বার্থের ভিত্তিতে গৃহীত হবে।’ খবর: আনাদোলু এজেন্সি।
শনিবার (২৩ আগস্ট) ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তৃতা দেওয়ার সময় জয়শঙ্কর বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি সম্পর্ক ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি উল্লেখ করেন, নয়াদিল্লির তেল ক্রয় দেশের স্বার্থ রক্ষা করে এবং একই সঙ্গে বৈশ্বিক বাজারের স্থিতিশীলতাতেও ভূমিকা রাখে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ভারতের অবস্থান স্পষ্ট। তিনি বলেন, ‘আমরা স্বাধীনভাবে আমাদের সিদ্ধান্ত নেব। কেউ আমাদের বাধ্য করতে পারবে না।’
রাশিয়ান তেল কেনার সমালোচনার জবাবে তিনি বলেন, ‘যদি কেউ আমাদের থেকে তেল বা সংশ্লিষ্ট পণ্য কিনতে অস্বীকার করে, তবে তারা কিনবেন না। এটি তাদের স্বাধীনতা।’
জয়শঙ্কর আরও স্মরণ করান, ২০২২ সালে তেলের দাম বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ ছিল। তখন ভারতকে রাশিয়ার তেল কিনতে দেওয়া হয়েছিল, যাতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকে।
তিনি বলেন, ‘আমরা তেলের দাম স্থিতিশীল রাখতে ক্রয় করেছি। এটি জাতীয় স্বার্থ রক্ষা করে, তবে বৈশ্বিক স্বার্থকেও সমর্থন করে।’
মস্কোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘আলাস্কা বৈঠকের পর তার রাশিয়া সফরের আলোচনায় দু’দেশের বার্ষিক বাণিজ্যিক সহযোগিতায় গুরুত্ব আরোপ করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। ইউক্রেন সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট, এবং আমরা দ্রুত শান্তিপূর্ণ সমাধান চাই।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনার প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘আলোচনা চলমান, কিন্তু ভারতের অবস্থান দৃঢ়।’
তিনি বলেন, ‘আমাদের লালরেখা রয়েছে এবং আমরা স্পষ্টভাবে তা তুলে ধরব। কৃষক এবং ছোট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ট্রাম্প প্রশাসন ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং রাশিয়ান তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের ঘোষণা দেন। জয়শঙ্কর মন্তব্য করেন, “মতপার্থক্য থাকা সত্ত্বেও সংলাপের চ্যানেলগুলো সক্রিয় আছে। আমরা দুটি বড় দেশ, তাই আলোচনা চালিয়ে যেতে হবে এবং দেখব কীভাবে সমাধান সম্ভব।”
বাংলাদেশ-পাকিস্তান বৈঠক আজ, হতে পারে যেসব চুক্তি
বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোর খেসারত, বিপুল অঙ্কের জরিমানা