মুম্বাইয়ে গাজার সমর্থনে দাঁড়ালেন স্বরা, সামাজিক মাধ্যমে বিতর্ক

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর আবারও প্রমাণ করেছেন, তিনি কেবল পর্দার চরিত্রে সীমাবদ্ধ নন, মানবিক বিষয়েও স্পষ্ট মত প্রকাশ করতে দ্বিধা করেন না। 

সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় অনুষ্ঠিত একটি শান্তিপূর্ণ বিক্ষোভে তিনি অংশ নিয়ে ফিলিস্তিনের পক্ষ সমর্থন করেছেন। এই কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি সরকারের কর্মকাণ্ড গণহত্যার শামিল, যা শুধু ভূমি দখল নয়, বরং প্যালেস্টাইনের সংস্কৃতি ও অস্তিত্বকে মুছে ফেলার চেষ্টা।

বিক্ষোভে অংশ নিয়ে স্বরা বলেন, “ফিলিস্তিনিরা কেবল বেঁচে থাকার জন্য লড়াই করছে। ইসরায়েল স্পষ্টভাবে তাদের নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়েছে।”

তিনি আরও বলেন, “যদি কেউ ইসরায়েলের পক্ষে কথা বলে, তাহলে তাদের উচিত ফিলিস্তিনিরা যে সংকটের মুখোমুখি, সেই কথাও বলা।” 

হামাসের কর্মকাণ্ডের প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, “হামাসের হামলা ছিল দীর্ঘদিনের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া; এখন তাদের উপরই দোষ চাপানো হচ্ছে।”

স্বরা ভাস্কর ভারতবর্ষের ঐতিহাসিক অবস্থানও উল্লেখ করেন। তার মতে, ভারত সবসময় নিপীড়িত প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে, এবং মানবিক সহানুভূতি আমাদের সংস্কৃতির অংশ।

ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিন ধরে সরব স্বরা ভাস্কর। এ বিষয়ে তার আগেও বক্তব্য রয়েছে। তবে এই অবস্থানের কারণে তিনি ভারতের ভেতরেও তীব্র ট্রলের মুখোমুখি হয়েছেন। 

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কমেছে, নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। তবু তিনি থেমে থাকছেন না এবং নিজের অবস্থান অনুযায়ী ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত