লাল বলে ভারতের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পূজারা অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন। আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
অবসর বার্তায় পূজারা লিখেছেন, ‘ভারতের জার্সি গায়ে চাপিয়ে জাতীয় সংগীত গেয়ে যতবার মাঠে নেমেছি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে যেমন বলা হয়, সব ভালো কিছুরই একদিন শেষ হয়। তাই অপরিসীম কৃতজ্ঞতা নিয়ে আমি ভারতীয় ক্রিকেটে সব সংস্করণ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ‘নাম্বার থ্রি’ হিসেবে এক যুগেরও বেশি সময় ব্যাটিং অর্ডারের স্তম্ভ হয়ে ছিলেন পূজারা। ২০১০ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ভারতের হয়ে ১০৩ টেস্ট ও ৫ ওয়ানডে খেলেছেন। টেস্টে তার সংগ্রহ ৭ হাজার ১৯৫ রান, গড় ৪৩.৬০। নামের পাশে আছে ১৯ সেঞ্চুরি ও ৩৫ ফিফটি। দেশের মাটিতে টেস্ট গড় আরও উজ্জ্বল—৫২.৫৮। আর রান করেছেন ৩ হাজার ৮৩৯।
২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে তিনটি সেঞ্চুরি করে ভারতের ঐতিহাসিক প্রথম টেস্ট সিরিজ জয়ে মূল ভূমিকা রাখেন পূজারা। দুই বছর পর আবারও অস্ট্রেলিয়া সফরে তার অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা আলোচনায় আসে। চার টেস্টে কামিন্স–হ্যাজলউড–স্টার্কদের আগুনের গোলা সামলে খেলেছিলেন ৯২৮ বল!
পূজারার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালের জুনে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এরপর থেকে জাতীয় দলে তিনি একরকম ব্রাত্য হয়ে যান। তরুণদের নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। তাই শেষ পর্যন্ত বিদায় নিলেন পূজারা। ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাস পূজারাকে মনে রাখবে ব্যাট হাতে অদম্য দৃঢ়তা আর বিদেশের মাটিতে লড়াকু সেঞ্চুরিগুলোর জন্য।
আফগানিস্তানের এশিয়া কাপ দলে অভিজ্ঞতার সঙ্গে চমক
সিমন্স থাকতে কেন হাথুরুসিংহের কোচিং করছেন মুমিনুল?
মেসির মায়ামির মান বাঁচালেন আর্জেন্টাইন তরুণ