আসন্ন এশিয়া কাপ উপলক্ষে দল ঘোষণা করেছে আফগানিস্তান। আজ ঘোষিত ১৭ সদস্যের দলের নেতৃত্বে আছেন তারকা লেগস্পিনার রশিদ খান। এই স্কোয়াডে জোর দেওয়া হয়েছে স্পিন আক্রমণে। রশিদের সঙ্গে আছেন অভিজ্ঞ মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, নূর আহমদ এবং নতুন মুখ রহস্য স্পিনার মোহাম্মদ গাজানফার।
২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ সিরিজ জয়ের পর থেকে আফগানিস্তান আর কোনো আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেনি। প্রায় এক বছর বিরতির পর তারা এশিয়া কাপ দিয়ে এই ফরম্যাটে ফিরছে। প্রস্তুতি হিসেবে তারা পাকিস্তান ও আমিরাতকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে, যা শুরু হবে ২৯ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে।
এক বছর আগের সেই জিম্বাবুয়ে সফরের দলে থাকা হজরতউল্লাহ জাজাই ও জুবায়েদ আকবরিকে বাদ দেয়া হয়েছে। বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খারোতে রাখা হয়েছে রিজার্ভে। ওপেনার ইব্রাহিম জাদরান, অল-রাউন্ডার শরাফউদ্দিন আশরাফ এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এখনো অভিষেক না হওয়া ১৯ বছর বয়সী স্পিনার গাজানফার জায়গা পেয়েছেন দলে।
ইতিমধ্যে ১১টি ওয়ানডে খেলা গাজানফার দুইবার পাঁচ উইকেট শিকার করেছেন। বাংলাদেশের বিপক্ষে গত বছর ২৬ রানে ৬ উইকেট তার সেরা বোলিং ফিগার। আইপিএল, সিপিএল, বিপিএল ও আইএলটি২০–তে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তরুণের। নূর আহমদ ছিলেন চলতি আইপিএলে চেন্নাইয়ের অন্যতম ভরসা। মুজিব খেলেছেন সিপিএলে, আর নবি সম্প্রতি খেলেছেন আফগানিস্তানের ঘরোয়া লিগ শপাগিজায়।
আফগান পেস আক্রমণে থাকছেন ফজলহক ফারুকি, নাভিন উল হক, গুলবাদিন নাইব ও অল-রাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটিংয়ে থাকছেন রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি ও অলরাউন্ডার করিম জানাত। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে আফগানিস্তান। তাদের প্রথম ম্যাচ ৯ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে।
আফগানিস্তানের এশিয়া কাপ স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, মোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফারিদ আহমদ, নাভিন উল হক এবং ফজলহক ফারুকি।
রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গেয়ালিয়া খারোতে, আব্দুল্লাহ আহমাদজাই।
