প্রতিস্থাপন বদলি শিক্ষকদের অবমুক্তির দাবি অভিভাবক ঐক্য ফোরামের

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০১:৪৩ পিএম

প্রতিস্থাপন শর্তে জটিলতায় ভোগা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্রুত অবমুক্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় কাজ করা সংগঠন ‘অভিভাবক ঐক্য ফোরাম’।

সম্প্রতি দৈনিক দেশ রূপান্তর-এ প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি আলোচনায় আসে। সেই পরিপ্রেক্ষিতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

রবিবার (২৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, বদলির আদেশ হাতে থাকার পরও বহু শিক্ষক নতুন কর্মস্থলে যোগ দিতে পারছেন না। এর ফলে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অসুবিধা তৈরি হচ্ছে, একই সঙ্গে বিদ্যালয়ের পাঠদানের স্বাভাবিক কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যেসব স্কুলে শিক্ষার্থী সংখ্যা কম, সেখানে বদলিকৃত শিক্ষককে অবমুক্ত করতে কোনো বাধা নেই। আর যেসব স্কুলে শিক্ষার্থী সংখ্যা বেশি, সেখানে নিকটবর্তী প্রতিষ্ঠানের শিক্ষককে ডেপুটেশন বা সংযুক্তির মাধ্যমে সংকট সমাধান সম্ভব। কিন্তু প্রতিস্থাপন শর্ত বাস্তবায়ন না হওয়ায় তা কার্যকর হচ্ছে না।

অভিভাবক ঐক্য ফোরামের মতে, ২০২৩ সালের নির্দেশনা কার্যকর হওয়ার পর একবার এই সমস্যা লাঘব হয়েছিল, তখন শত শত শিক্ষক দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছিলেন। সংগঠনটির বিশ্বাস, মানবিক বিবেচনায় একই ধরনের উদ্যোগ এখন নিলে বহু শিক্ষক ও তাঁদের পরিবারও স্বস্তি ফিরে পাবে।

সংগঠনটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্দেশে বলেছে, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির শর্ত শিথিল করে অবিলম্বে ভুক্তভোগী শিক্ষকদের অবমুক্তির ব্যবস্থা গ্রহণ করা জরুরি।’

উল্লেখ্য, গত ২১ আগস্ট দেশ রূপান্তর অনলাইন সংস্করণে ‘শিক্ষকদের দীর্ঘশ্বাস: বদলির আদেশ পেয়েও আটকে আছেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত