প্রথমবার একসঙ্গে ইমন-ফারিয়া

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৬:০৯ পিএম

প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করলেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন এবং লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগী শবনম ফারিয়া। তবে কোনো বড় পর্দায় নয়, ছোট পর্দায়। আগামী ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এই দিবসকে সামনে রেখে নির্মিত টেলিছবিতে জুটি বাঁধলেন তারা। নজরুলের সুপরিচিত গান ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’র ভাবকে উপজীব্য করে এর গল্প এগিয়েছে। গল্পে এক প্রেমিকার আবেগময় আকুতি ফুটে উঠেছে। 

চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজারের চিত্রনাট্য ও পরিচালনায় টেলিছবির নাম ‘প্রিয় এমন রাত’। এতে আরও কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন তুষার খান, সাবিহা মালিহা শখ, আনন্দ, শেলীসহ অনেকে। 

 ‘প্রিয় এমন রাত’ টেলিফিল্মটি নিয়ে পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক জনপ্রিয় প্রেমের গান আছে। যেগুলোতে গভীরভাবে মনোনিবশ করলে বোঝা যায়  এসব গানের পরতে পরতে ছড়িয়ে আছে গল্প। আমি চেষ্টা করেছি এমনই একটি জনপ্রিয় গান নিয়ে গল্পটি নির্মাণের। এই প্রথম ইমন ও শবনম ফারিয়া জুটিবদ্ধ হয়ে নজরুলের কোনো নাটকে অভিনয় করেছেন। তাদের এই কাজটি খুব ভালো হয়েছে। আশা করি, দর্শক তাদের জুটিকে গ্রহণ করবে।’ 

নির্মাতা জানান, টেলিছবিটি আগামী ২৭ আগস্ট বিকাল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত