জুলাই অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ ও কুশপুতুল দাহ করেছে একদল শিক্ষার্থী। এ সময় তারা এ বিএনপি নেতার বিচার দাবি করেন।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে এ কর্মসূচি পালন করে একদল শিক্ষার্থী।
কুশপুতুল দাহ ও বিক্ষোভ শেষে এক সমাবেশে বক্তারা বলেন, যারা জুলাই অভ্যুত্থান করেছে তারা নাকি কালো শক্তি। জুলাই অভ্যুত্থানকে অবমাননা করে ফজলুর রহমান হাসিনার ভাষায় কথা বলেছে।
এর আগেও তিনি এমন মন্তব্য করেছেন উল্লেখ করে তারা বলেন, কিন্তু এর বিরুদ্ধে কোনো দলীয় ব্যবস্থা নিতে দেখা যায়নি। আজকে দেখেছে নামকাওয়াস্তে শুকজ করেছে। জানি না পরে আর কী হবে।
ফজলুর রহমানকে ‘মানসিক বিকারগ্রস্ত’ মন্তব্য করে তারা বলেন, তারেক রহমানকে বলতে চাই, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আমাদের বলেন আমরা এসব মানসিক বিকারগ্রস্তদের চিকিৎসা করবো।
বিক্ষোভকারীদের মতে, ৪৭, ৬৯, ৭১, ৯০ ও ২৪ আমাদের ইতিহাস। সুতরাং ইতিহাস নিয়ে যারা কথা বলবে তারাই অবাঞ্চিত হবে।
