সপ্তাহের সর্বোচ্চ ডেঙ্গু রোগী

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৪৬ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) বিভিন্ন হাসপাতালে ৪৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এই সংখ্যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে এরচেয়ে বেশি, ৪৬৬ জন রোগী ভর্তি হয়েছিল গত ১৭ আগস্ট। সেটাই এখন পর্যন্ত এ মাসের এক দিনে সর্বোচ্চ রোগীর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ বছরের এক কন্যাশিশু মারা গেছে। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল ও একই জেলার সাতকানিয়ার বাসিন্দা।

এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট ১১৫ জন মারা গেল। তাদের মধ্যে এ মাসের গত ২৪ দিনে মারা গেছে ৩২ জন। এ বছর সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭ ও মে মাসে ৩ জন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এ বছর সবচেয়ে বেশি মারা গেছে পুরুষ রোগী, ৫৬ দশমিক ৫ শতাংশ বা ৬৫ জন ও নারী ৪৩ দশমিক ৫ শতাংশ বা ৫০ জন। সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগী, ৫৫ জন ও সর্বনি¤œ একজনের মৃত্যু হয়েছে ময়মনসিংহে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, যা দিনের মোট রোগীর ১৮ শতাংশ। এরপর বরিশাল বিভাগে ৭২ জন বা ১৭ শতাংশ ও ঢাকা দক্ষিণ সিটিতে ৬৩ জন বা ১৫ শতাংশ রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ৫৭ জন, ঢাকা বিভাগে ৫৪, খুলনা বিভাগে ৪৬, রাজশাহী বিভাগে ৪২, ময়মনসিংহ বিভাগে ১২, রংপুর বিভাগে ৩ ও সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলার মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে রাজধানীতে ১২০ জন, যা দিনের মোট রোগীর ২৮ শতাংশ। এরপর চট্টগ্রাম জেলায় ৪৮ জন বা ১১ শতাংশ ও বরগুনায় ২৮ জন বা ৭ শতাংশ রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে এ বছর মোট হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৩২ জনে। তাদের মধ্যে এ মাসের গত ২৪ দিনে ভর্তি হয়েছে ৭ হাজার ৬৫২ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয় জুলাই মাসে। এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, জানুয়ারিতে ১১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ২৮১ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪১৪ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮৬৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত