‘টি-টোয়েন্টি ম্যাচে লম্বা ইনিংস’ খেলার চেষ্টা করছেন বুলবুল

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১১:৫৪ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এখন খেলার চেয়ে বেশি আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে। আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন। এখন পর্যন্ত বেশ কয়েকজনের নাম শোনা গেছে সম্ভাব্য বিসিবি সভাপতির প্রার্থী হিসেবে। এদের মাঝে ফারুক আহমেদ, তামিম ইকবাল এমনকী বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও আছেন।

গত ৩০ মে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার সময় বুলবুল বলেছিলেন, তিনি ‘টি-টোয়েন্টি ম্যাচ খেলতে’ এসেছেন। মানে নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে কাজ করতে চান। তিনি দায়িত্ব নেয়ার প্রায় তিন মাস পেরিয়ে গেছে। তার মেয়াদ আছে আর এক মাসের মতো। তবে এখন তিনি নিজের দায়িত্বের মেয়াদ আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন।

গতকাল রবিবার নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে বুলবুলকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করব না। আমি কীভাবে নির্বাচন করব? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই। আমি ফ্রি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করে, থাকব, চেষ্টা করব।’

সম্প্রতি গুঞ্জন উঠেছে, নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি নির্বাচন না-ও হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে বুলবুল জানান, নির্বাচন সময়মতোই হবে এবং এ নিয়ে আন্তর্জাতিক মহলে অপ্রয়োজনীয় আলোচনার প্রয়োজন নেই। নিজের ‘টি-টোয়েন্টি ম্যাচ খেলা’র বক্তব্ নিয়ে বলেন, ‘বিভ্রান্তি আছে অনেক। টি-টোয়েন্টি ক্রিকেট তো ১২০ বলে খেলতে হয়। সেটাতো তো দুই ওভারে শেষ হয়ে যায় না। সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর। এখন লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত