দেশে জন্ম নেয়া ৫৫ শতাংশ নবজাতক মাতৃদুগ্ধ পান করতে পারলেও বঞ্চিত হচ্ছে ৪৫ শতাংশ নবজাতক। যার ফলে প্রতিবছর বাড়ছে শিশুমৃত্যুর হার।
সোমবার (২৫ আগস্ট) সকালে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
মাতৃদুগ্ধ পান করতে পারা শিশুদের অধিকার উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশে ৫৫ শতাংশ শিশুদের মাতৃদুগ্ধ পান করান হয়। এটি একটি বড় সমস্যা। আগে এটি বেশী ছিল, এখন কমে গেছে। কিন্তু কমছে কেন আমরা শিশুদের তার অধিকার থেকে বঞ্চিত করছি।
তিনি বলেন, আমরা চেষ্টা করব আগামী বছর এই হার ৬০ শতাংশে নিয়ে যাওয়ার। চিকিৎসকদের কাছে আমার বিনীত অনুরোধ, শিশুদের বাজারজাত করা গুড়াদুধ খাওয়াতে প্রেসকাইপ করবেন না। সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার চালু করার আহ্বান জানান তিনি।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ এর এবারের প্রতিপাদ্য ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু জাফর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ বার্ন ইনিস্টিটিউটের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্য সচিব ডা. সাইদুর রহমান।
