অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে নির্বাচন কমিশনের শুনানির প্রথম দিনে ইসি কার্যালয়ে অডিটোরিয়ামে হট্টগোলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ ও অন্যান্য নেতাকর্মীদের ওপর বিএনপির ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার সহযোগীদের অতর্কিত হামলার প্রতিবাদে এবং শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় এনসিপির উদ্যোগে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ডাকবাংলায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে শান্তিপূর্ণ আন্দোলন করেন তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়।
মো. আতাউল্লাহ বলেন, রুমিন ফারহানা রাতের অন্ধকারে বিজয়নগরের ১০টি ইউনিয়ন থেকে তিনটি ইউনিয়নকে কেটে তার আসন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করতে চাইছে কিন্তু বিজয়নগরের জনগণ চাই বিজয়নগর ১০টা ইউনিয়ন একসাথে থাকার জন্য। তিনি আরো বলেন, চান্দুরা, বুধন্তী ও হরষপুর ইউনিয়নকে নিয়ে মিথ্যাচার করেছেন। যা কোনোভাবেই বিজয়নগরবাসী মেনে নেবে না।
বক্তারা অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা ও তার সহযোগীরা গণতন্ত্রের নামে সন্ত্রাসী কায়দায় মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছেন। নির্বাচন কমিশনের শুনানিস্থলকে রণক্ষেত্রে পরিণত করে তারা প্রমাণ করেছেন জনগণের রায়ের ওপর তাদের আস্থা নেই।
বক্তারা আরো বলেন, অখণ্ড বিজয়নগর রক্ষা ব্রাহ্মণবাড়িয়াবাসীর ন্যায্য দাবি, যা কোনো দলীয় স্বার্থ নয় বরং জনস্বার্থ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ,বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্টু সরকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, এনসিপির নারী নেত্রী জয়ন্তী বিশ্বাস এবং অন্যান্য নেতৃবৃন্দ।
প্রয়াত বাচসাস সদস্য বাদল আহমেদ
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে চার্জশিট দাখিল