ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার তালিকায় ব্যক্তিগত ছবি প্রদর্শন করতে না চাওয়া শিক্ষার্থীদের আগামী ২৭ আগস্টের মধ্যে আবেদনের নির্দেশ দিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।
সোমবার (২৫ আগস্ট) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে যেসব ভোটার ছবি প্রকাশ করতে অনিচ্ছুক, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিতে হবে।’
এদিকে, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনের প্রস্তাবিত সময়সূচিকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রী হলগুলোতে নির্বাচনি প্রচারণার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট হলের অনাবাসিক ছাত্রী ও অন্যান্য হলের প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
চূড়ান্ত ভোটার তালিকা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও কিছু আবেদন প্রক্রিয়াধীন থাকায় তালিকাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তর ও হল কর্তৃপক্ষের জন্য তালিকা উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
এছাড়া মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল নিষ্পত্তির পর যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে গঠিত ট্রাইব্যুনাল কমিটি গত ২৪ আগস্টের বৈঠকে দুই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
অভিযোগে বলা হয়েছে, জুলিয়াস সিজার তালুকদার ও বায়েজিদ বোস্তামী সন্ত্রাসী কার্যক্রম ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত। তাদের ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয় এবং বিষয়টি সিন্ডিকেটে পাঠানো হয়েছে।
অন্যদিকে, আসাদুজ্জামান জিলানী ও মো. খায়রুল আলমের বিরুদ্ধে আনা অভিযোগ যথাযথভাবে প্রমাণিত না হওয়ায় এবং অভিযোগপত্রে স্বাক্ষর না থাকায় তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
