দলের আদর্শ নিয়ে অসন্তোষ, নান্দাইলে ৪ এনসিপি নেতার পদত্যাগ

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১১:৩১ পিএম

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একযোগে পদত্যাগ করেছেন উপজেলা কমিটির চার নেতা। দলটির আদর্শ ও নীতি নৈতিকতা নিয়ে অসন্তোষ থেকেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পদত্যাগপত্রে।

সোমবার (২৫ আগস্ট) পদত্যাগকারীরা সাংবাদিকদের কাছে তাদের স্বাক্ষরিত পদত্যাগপত্রের অনুলিপি তুলে দেন। এর আগে তারা দলের প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন- এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, ‘আমরা এনসিপির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, দলটির মধ্যে প্রয়োজনীয় নীতি, আদর্শ ও নৈতিকতা অনুপস্থিত। এ কারণে আমরা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বলেন, ‘আমি এখনো বিষয়টি জানি না। কারা পদত্যাগ করেছেন বা কেন পদত্যাগ করছেন, সেটিও আমার জানা নেই।’

উল্লেখ্য, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। ময়মনসিংহের নান্দাইলে তাদের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। তারা উপজেলা সদরের লাবু প্লাজার দোতলায় একটি কক্ষ ভাড়া নিয়ে অফিস পরিচালনা করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত