কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০২:৪০ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর ছেলে, কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. এরফান খান সাত দিনের রিমান্ডের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক জামিনের আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তৌহিদ আফ্রিদিকে গত রবিবার রাতে সিআইডির একটি দল বরিশাল বাংলাবাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক ল্যাবের পাশের একটি ভবন থেকে গ্রেপ্তার করে। এরপর তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, আফ্রিদির উসকানিমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা, কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে আসাদুল হক বাবু মারা যান। গত ১৭ আগস্ট আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গুলশান থেকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তিনি কারাগারে আছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত বছরের ৩০ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় এ হত্যা মামলাটি করেন নিহতের বাবা জয়নাল আবেদীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত