ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত মানবিক বিপর্যয় ঠেকাতে ইসরায়েলের বিরুদ্ধে চারটি কার্যকর পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।
আরাগচি বৈঠকে বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, গাজার ট্র্যাজেডি কেবল মুসলিম বিশ্বের সীমিত ঘটনা নয়; এটি সমগ্র মানবজাতির বিবেকের জন্য একটি পরীক্ষা। তাই ধর্ম কিংবা ভৌগোলিক অবস্থান নির্বিশেষে প্রতিটি জাতিকে মানবতা, ন্যায়বিচার ও মর্যাদার পক্ষে দাঁড়াতে হবে। এটিই ইতিহাসের সঠিক দিক।’
তিনি সতর্ক করে বলেন, ‘ইতিহাস দেরি মেনে নেবে না। গাজা আর অপেক্ষা করতে পারে না। পদক্ষেপ নেওয়ার সময় এখনই।’
এরপর আরাগচি গাজার মানুষের দুর্দশা লাঘব এবং ইসরায়েলি আগ্রাসন থামাতে চারটি উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেন। সেগুলো হলো—
- দখলদার সরকারের (ইসরাইল) সঙ্গে কূটনৈতিক ও সব ধরনের সম্পর্ক ছিন্ন করা;
- রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি নিষেধাজ্ঞা আরোপ করা;
- আন্তর্জাতিক আদালতের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করা;
- অস্ত্র সরবরাহ ও ন্যায়বিচারের বিরুদ্ধে ভেটো দিয়ে ইসরাইলকে সহযোগিতা করা সরকারগুলোর মুখোমুখি হওয়া।
বক্তব্যের শেষে তিনি আরও বলেন, ‘গাজা কেবল একটি ভৌগোলিক এলাকা নয়, এটি প্রতিরোধের প্রতীক এবং মানবিক মর্যাদার প্রতিচ্ছবি। আজ আর কথা বা প্রতিশ্রুতি নয়, সময় এসেছে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার।’
টিভিতে আজ যত খেলা