ভারতে তিন মাস কারাভোগের পর দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নাগরিক। সোমবার (২৫ আগস্ট) বিকেলে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেনী সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয়। রাতে তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।
দেশে ফেরা বাংলাদেশিরা হলেন-সাইদুজ্জামান ভূঞা (২৯), মো. এমদাদ হোসেন (২৭), মো. গিয়াস উদ্দিন (২৯), মো. রাফি (২৫) ও আবুল বাশার (৫৫)।
পুলিশ ও বিজিবি জানায়, গত ১২ এপ্রিল ভারতের মনুমুখ এলাকা থেকে সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে আটক করে ভারতীয় পুলিশ। এরপর অবৈধভাবে প্রবেশের দায়ে তিন মাস কারাভোগ করেন তারা। এছাড়া গত ৯ জুন আবুল বাশারকে ভারতের উদয়পুর থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের পর এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। কারাভোগ শেষে সোমবার বিকালে তাদেরকে হস্তান্তর করে বিএসএফ।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আমরা তাদের নাম ঠিকানা যাছাই করে দেখছি। স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।
