কক্সবাজারের টেকনাফে ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৮টি ম্যাগাজিনসহ ৫০৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের খরের দ্বীপ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব উদ্ধার করা হয়।
জব্দ অস্ত্রগুলো হলো ২টি জি ৩ রাইফেল, ১টি এমএ ওয়ান (ভেরিয়েন্ট এম কে ২) ১টি এলএম ১৬ রাইফেল। এছাড়া ৮টি ম্যাগাজিন, ১৯৯ রাউন্ড জি ৩, ১২০ রাউন্ড এমএ ওয়ান এবং ১৮৮ রাউন্ড এলএম ১৬ রাইফেলের গুলিও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ১০টায় উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানান।
মুঠোফোনে প্রেরিত ক্ষুদেবার্তায় তিনি আরো জানিয়েছেন, খরের দ্বীপ এলাকায় নদী পথে বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহজনক কিছু লোকের উপস্থিত টের পায় বিজিবি। তখন বিজিবি সদস্যদের দেখে তারা দুই-তিন রাউন্ড ফায়ার করে মায়ানমারের অভ্যন্তরে নৌকা করে পালিয়ে যায়। পরে ওই এলাকা গভীর অনুসন্ধানের মাধ্যমে নির্দিষ্ট স্থানে লুকানো অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ থানায় আলামত হিসেবে জমা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
